পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন নির্মাণাধীন চার লেন বিশিষ্ট সেতুর শার্টার ভেঙে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হাওলাদার (২৬) উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।
এ দুর্ঘটনায় আরও তিন শ্রমিক—আলম (৪০), রঞ্জু (৩৫) ও রাকিবুল হাসান (৩৫) গুরুতর আহত হন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাসেল হাওলাদার নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের শরীরে মারাত্মক ক্ষত ও মাথায়ও গুরুতর জখম হয়েছে। এছাড়া আহত রঞ্জু ও রাকিবুল হাসানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
দ্য ডেইলি স্টারকে আহত শ্রমিক আলম জানান, তারা সেতুটির পূর্ব অংশে শার্টারিংয়ের কাজ করছিলেন। মাটি থেকে অন্তত ৩০ ফুট উপরে শার্টারটি চেইন দিয়ে ঝোলানো ছিল। হঠাৎ সেটি ভেঙে পড়ে গেলে শার্টারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
পায়রা বন্দর কর্তৃপক্ষ হতাহতদের সব ধরনের সহায়তা নিশ্চিত করেছে বলে নিশ্চিত করেছেন ইউএনও হামিদ।
তবে এ ব্যাপারে পায়রা বন্দরের পক্ষ থেকে কারো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (সিসিইসিসি) যৌথভাবে সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ১ হাজার ১৮০ মিটার দৈর্ঘ্যের এ সেতুর নির্মাণকাজ ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
