0.7 C
New York

ইংল্যান্ডকে কাঁপিয়ে শেষ ওভারের রোমাঞ্চে হারল নেপাল

মুম্বাইর বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি নীল জার্সির ঢেউ। সেখানে ক্রমাগত ধ্বনি উঠল ‘নেপাল’, ‘নেপাল’। দীপেন্দ্র সিং আইরি আর রোহিত পাউডেলের দারুণ জুটির পর লোকেশ বাম তুললেন ঝড়। দুর্দান্ত জয়ের সম্ভাবনা উঁকি দিল হিমালয়ে দেশের। তবে স্যাম কারানের দারুণ শেষ ওভারে রোমাঞ্চ জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে নেপালকে ৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ইংল্যান্ডের ১৮৪ রানের জবাবে ১৮০ রানে থেমেছে আইসিসির সহযোগী দেশ।

ম্যাচ জিততে শেষ ৩ ওভারে নেপালের দরকার ছিল ৪৬ রান। জোফরা আর্চারের ১৮তম ওভারে আরিফ শেখ উইকেট হারালেও তিন ছক্কায় ২১ রান তুলে লড়াই জমিয়ে তোলেন লোকেশ বাম। লুক উডের পরের ওভারে ২ চারসহ ১২ রান আসায় শেষ ওভারে জয়ের লক্ষ্যটা নাগালে চলে আসে নেপালের। তবে বাঁহাতি স্যাম কারানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সঙ্গে পেরে ওঠেননি লোকেশ। জয়ের খুব কাছে গিয়েও ঐতিহাসিক জয় না পাওয়ার আক্ষেপে পুড়তে হয় তাদের।

বড় প্রতিপক্ষের বিপক্ষে বিশাল রান তাড়ায় নেমে দারুণ শুরু পেয়েছিল নেপাল। কুশল ব্রুটেলের ঝড়ে ৩ ওভারেই স্কোরবোর্ডে ৩১ রান যোগ হয়। আর্চার ও উডের মতো বোলারদের ওপর চড়াও হয়ে তাদের আক্রমণ থেকে সরিয়ে দিতে বাধ্য করেন তিনি। তবে স্পিনার আসতেই ধাক্কা খায় হিমালয়ের দেশ। লিয়াম ডসনের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন আসিফ শেখ। উড়ন্ত ব্রুটেলকেও থামান উইল জ্যাকস; ১৭ বলে ২৯ রান করে বিদায় নেন তিনি।

দুই উইকেট পতনের পর রানের গতি কিছুটা কমে যায়। তবে অধিনায়ক রোহিত পাউডেল ও দীপেন্দ্র সিং আইরি পরিস্থিতি সামাল দিয়ে রানের চাকা সচল করেন। দুই অভিজ্ঞ ব্যাটার মিলে ৫৪ বলে ৮২ রানের চমৎকার এক জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে রানরেটের চাপ বাড়তে থাকলে বড় শট খেলতে গিয়ে তারা আলগা হয়ে যান। কারানের বলে আউট হওয়ার আগে আইরি ২৯ বলে করেন ৪৪ রান। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। সাবেক অধিনায়ক জস বাটলার রান বাড়ালেও থিতু হয়ে ব্যক্তিগত সংগ্রহ বড় করতে পারেননি। পাওয়ার প্লের পর টম ব্যান্টন দ্রুত ফিরে গেলে চাপে পড়ে ইংলিশরা।

সেখান থেকে হাল ধরেন হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। ৪৫ বলে ৭১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়েন তারা। ৩৫ বলে ৫৫ রান করা বেথেল এবং স্যাম কারানকে দ্রুত ফিরিয়ে নেপালকে ম্যাচে ফেরান দীপেন্দ্র সিং আইরি। ব্রুক ফিফটি পূর্ণ করে নন্দন যাদবের শিকার হলে মনে হচ্ছিল ইংল্যান্ডকে দুইশোর নিচে আটকে রাখা যাবে। কিন্তু শেষ ওভারে উইল জ্যাকস সব হিসাব বদলে দেন। তার ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসে (শেষ ওভারে ২১ রান) ১৮৪ রানের লড়াকু পুঁজি পায় ইংল্যান্ড।

 

 

Related Articles

Latest Articles