রাজধানীর সূত্রাপুর থানার কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে বদলি করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।
একইসঙ্গে সূত্রাপুর এলাকার কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি।
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ আবেদন জমা দেন ইশরাক হোসেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, গত ৪ ফেব্রুয়ারি রাতে সূত্রাপুরের কাঠের পুল এলাকায় ঢাকা-৬ আসনের কসমোপলিটন স্কুল ভোটকেন্দ্র-সংলগ্ন একটি ভবন থেকে ১৫২টি স্টাম্প উদ্ধার করে পুলিশ।
ইশরাক হোসেন বলেন, ভবনটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর মালিকানাধীন। বিষয়টি নিয়ে আগে একাধিকবার থানাকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সূত্রাপুর থানার ওসি ওই ভবনে ঢোকার আগে মালিকপক্ষকে সতর্ক করে দেন। ফলে কয়েক ঘণ্টার মধ্যে বিপুল সংখ্যক লাঠিসোঁটা সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একটি ভোটকেন্দ্রে যদি এই ধরনের পরিস্থিতি থাকে, তাহলে সেখানে কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেটাই বড় প্রশ্ন।
ইশরাক আরও বলেন, এ ছাড়া সূত্রাপুর থানার ওসির বিরুদ্ধে এলাকাবাসী ও বিএনপির পক্ষ থেকে সম্মিলিতভাবে অভিযোগ জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এটি নিরপেক্ষতার প্রশ্ন নয়, বরং এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতার শামিল।
নির্বাচনের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইশরাক বলেন, এতদিন ঢাকা-৬ আসনে পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। কিন্তু এই ঘটনাটি কাম্য নয়।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর একটি হত্যাকাণ্ড ও সাম্প্রতিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ নির্বাচন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি বলেন, কিছু জায়গায় নিরপেক্ষতা দেখা গেছে, আবার কোথাও কোথাও তা অনুপস্থিত, বরং সহযোগিতার চিত্রই স্পষ্ট হয়ে উঠেছে।
‘আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পার’, যোগ করেন তিনি।
