টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কষ্ট আড়াল করতে আয়োজিত তিন দলের ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’-এর শুরুর দিনে উত্তাপ থাকল না। কনসার্টের আয়োজন ও ফ্রি টিকেটের ব্যবস্থা রেখেও গ্যালারির বেশিরভাগ অংশই থাকল ফাঁকা। নিরুত্তাপ আবহে খেলতে নেমে অবশ্য নিজেদের কাজ ঠিকঠাক করলেন জাতীয় দলের তিন তারকা রিশাদ হোসেন, লিটন দাস ও সাইফ হাসান।
লেগ-স্পিনার রিশাদের তিন উইকেট শিকারের পর অধিনায়ক লিটন এবং সাইফের হাফ-সেঞ্চুরিতে দুরন্ত একাদশকে ৬ উইকেটে অনায়াসে হারিয়েছে ধূমকেতু একাদশ।
প্রথমে ফিল্ডিং করতে নেমে ধূমকেতু একাদশের পেসার শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন। তবে বিগ ব্যাশ লিগ থেকে ফেরা রিশাদ নজর কাড়েন আলাদাভাবে। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। ফলে ১৯.৫ ওভারে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় দুরন্ত একাদশ। উদীয়মান তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত দুরন্ত একাদশের হয়ে ওপেনার মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ৩৯ রান (৩৬ বল) করেন, তবে অন্যদের কেউই ২০ রানের কোটা পার করতে পারেননি।
জবাবে লিটন ১০টি চারে ৪৩ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। ওপেনার সাইফ ৩০ বলে ঝলমলে ৫০ রান করলে ধূমকেতু মাত্র ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে জয় নিশ্চিত করে।
দুরন্ত একাদশের হয়ে অলরাউন্ডার এস এম মেহেরব তার অফ-স্পিন দিয়ে ২৩ রানে ৩টি উইকেট নিলেও তরুণরা ধূমকেতুর সঙ্গে পেরে ওঠেননি। ধূমকেতু মূলত ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত বাংলাদেশের স্কোয়াড নিয়ে গঠিত হয়েছে। উল্লেখ্য, ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়া এবং ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার জেরে আইসিসির সঙ্গে বিরোধের কারণে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নিচ্ছে না।
আগামী শুক্রবার একই ভেন্যুতে ধূমকেতু একাদশ খেলবে দুর্বার একাদশের বিপক্ষে। ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুযোগ না পাওয়ায় খেলোয়াড়দের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ত্রিদলীয় টুর্নামেন্টের আয়োজন করেছে। তিন দলের আসরে ম্যাচ কেবল চারটি হলেও টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে আড়াই কোটি টাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় এই বছর কুড়ি ওভারে বাংলাদেশ দলের ব্যস্ততা নেই। বরং ২১টি ওয়ানডে আর ১২টি টেস্ট আছে ঠাসা সূচিতে। সামনের বছর সরাসরি ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে ৫০ ওভারের ম্যাচের প্রয়োজনীয়তা বেশি। এই অবস্থায় অদম্য কাপ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
