ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে আয়োজিত বৈঠকে তিনি সিনিয়র সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আইএসপিআর জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তঃসংস্থার সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্ব দেন সেনাপ্রধান।
এছাড়া ‘বেসামরিক প্রশাসনকে সহায়তায়’ নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলেও জানায় আইএসপিআর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা ও সাভার এলাকার সিনিয়র সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
আইএসপিআর আরও জানায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব সংস্থার মধ্যে আন্তঃসংস্থা ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করতে ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান দেশের সব বিভাগ ও জেলার সিনিয়র সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করে আসছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভারে একই ধরনের বৈঠক করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
