7.5 C
New York

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকে একটি দলের ‘ষড়যন্ত্র’ দেখছে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় একটি বিশেষ দলের চক্রান্ত দেখছে দলটি।

আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের ভাষ্য, যারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারা কয়েক দিন ধরেই এ প্রস্তুতি নিচ্ছিল।

কোনো দলের নাম উল্লেখ না করে জুবায়ের বলেন, ‘এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায়, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাইনি। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামায়াতের আশঙ্কা, এ কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে।’

এই ঘটনাকে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপপ্রয়াস হিসেবে দেখার কথা জানিয়ে জুবায়ের আরও বলেন, ‘নারীদের সম্মানের বিষয়ে জামায়াতের অবস্থান একেবারেই স্পষ্ট। দলের আমির নির্বাচনী জনসভাগুলোয় নারীদের সম্মান করার বিষয়টি বারবার বলে যাচ্ছেন। এ কারণে একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্র করছে।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হবে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, শুধু দলের আমির নয়, জামায়াতে ইসলামীর বেশ কয়েকটি পেজের ওপরে কিছুদিন ধরে সাইবার হামলার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরেক প্রকৌশলী মাহমুদুর রহমান একটি প্রেজেন্টেশনের মাধ্যমে হ্যাকিংয়ের বিষয়টি উপস্থাপন করেন।

এই প্রকৌশলীর ভাষ্য, শনিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেটি দেখতে পেয়ে ৫টা ৯ মিনিটে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়েছে। শুধু তা–ই নয়, জামায়াত আমিরের এই পোস্টের পরে বিকেল ৪টা ৫৩ মিনিটের দিকে দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের এক্স অ্যাকাউন্ট থেকেও এ বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, একসঙ্গে দুটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

মাহমুদুর রহমানের অভিযোগ, এই কাজ করা হয়েছে সরকারি মেইল ব্যবহার করে। কেউ একটি সরকারি মেইল ব্যবহার করে স্যাবোটাজ করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল অ্যাটাচ করা ছিল।

উল্লেখ্য, জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার বিকেলে একটি পোস্ট করা হয়। পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য থাকায় শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

সেখানে এক জায়গায় বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। এর পর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়।

Related Articles

Latest Articles