উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে আজ রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে তিনি রাজশাহীতে পৌঁছেছেন।
মাদরাসা মাঠের এই জনসভায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মী-সমর্থকেরা। রাজশাহী এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ট্রাক ও বাসে করে তারা জনসভাস্থলে আসতে শুরু করেন।
তারা হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছেন। কেউ কেউ বিএনপির স্লোগান সংবলিত ক্যাপ ও টি-শার্ট পরেছেন।
নেতাকর্মীরা দলের সমর্থনে স্লোগান দিতে দিতে ছোট-বড় মিছিল করে মাঠে প্রবেশ করেন। কিছু সমর্থকের হাতে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষও ছিল।
এই জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এতে রাজশাহী শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন সভাপতিত্ব করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার বাসভবন ছাড়েন। পরে বিমানযোগে রাজশাহী পৌঁছান দুপুর ১২টা ২০ মিনিটে। সেখানে তার শাহ মখদুম (রহ.)-এর মাজারে নামাজ জিয়ারত করার কথা রয়েছে।
জনসভা উপলক্ষে মাঠের বিভিন্ন স্থানে বড় বড় মনিটর এবং সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, বিএনপির বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা আসছেন। ভিড় ক্রমশ বাড়ছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, জনসভায় রাজশাহী এবং বৃহত্তর উত্তরাঞ্চলের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে তারা আশা করছেন।
জনসভাস্থলে বিএনপির কর্মী আওলাদ হোসেন বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের সময় বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। আজ আমাদের জন্য আনন্দের দিন।’
তিনি বলেন, ‘আমরা কেবল টেলিভিশনে তারেক রহমানকে দেখেছি। এবার আমরা তাকে সামনে থেকে দেখতে পাব।’
নগর যুবদল নেতা আরিফ হোসেন বলেন, তারেক রহমান ভোটারদের উদ্দেশে রাজশাহী-কেন্দ্রিক বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেবেন।
তিনি বলেন, ‘সবাই নেতার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
তারেক রহমান প্রায় ২২ বছর পর রাজশাহী সফর করছেন। আজকের এই জনসভায় রাজশাহীর ১৩টি আসন এবং উত্তরাঞ্চলের মোট ৩৯টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
