ঢাকা শহরের স্বাস্থ্য অবকাঠামো কতটা ‘স্বাস্থ্যবান্ধব’—এ নিয়ে আমরা কি ভাবছি? হ্যাঁ, রাজধানী ঢাকা বাংলাদেশের স্বাস্থ্যসেবার কেন্দ্র। উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ এই শহরে আসেন। কিন্তু এখানকার বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা মানুষের স্বাস্থ্যসঙ্কটে কতটুকু ভরসা হয়ে উঠতে পেরেছে, তা সত্যিই ভাবনার বিষয়।
আমরা অনেকেই হয়ত সারা শহর জুড়ে হাসপাতালের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠবো। কিন্তু একটি শহরের স্বাস্থ্যব্যবস্থা মূল্যায়নের ক্ষেত্রে শুধু হাসপাতালের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলাই কি যথেষ্ট?
তারচেয়ে বরং তিনটি সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক।
প্রথমত, জরুরি মুহূর্তে একজন মুমূর্ষু রোগী কি সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন? অর্থাৎ, আমরা সংকটকালীন যোগাযোগ ব্যবস্থার কথা বলছি।
দ্বিতীয়ত, হাসপাতাল থাকলেই কি উপযুক্ত ও সাশ্রয়ী চিকিৎসা মানুষের নাগালের মধ্যে চলে আসে? আর্থিক সামর্থ্য সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না।
তৃতীয়ত, শহরের সব মানুষ কি সমানভাবে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ভোগ করেন? অর্থাৎ, সারা শহরজুড়ে স্বাস্থ্যসেবার সম ও সুষ্ঠু বণ্টন বিদ্যমান আছে কি না।
এসব প্রশ্ন আমাদের দেখিয়ে দেয়, স্বাস্থ্যসেবা কেবল আর হাসপাতালের ভেতরের বিষয় নয়, এটি একইসঙ্গে নগর পরিকল্পনারও বিষয়। এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজলেই ঢাকার স্বাস্থ্য অবকাঠামো সম্পর্কে একটি ভিন্ন চিত্র সামনে উঠে আসে।
একজন রোগী কি সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন?
প্রথমেই সংকটকালীন যোগাযোগ ব্যবস্থার কথা ধরি। কিংবা ধরা যাক, ঢাকার কোনো বাসিন্দার জরুরি চিকিৎসা প্রয়োজন। হাসপাতালটি হয়তো খুব বেশি দূরে নয়। কিন্তু শহরের যানজট, ব্যস্ত সড়ক, আর জটিল যাতায়াতব্যবস্থা কয়েক কিলোমিটারের পথকেও দীর্ঘ, সময়সাপেক্ষ ও উদ্বেগপূর্ণ যাত্রায় পরিণত করতে পারে।
২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে, যানজটপূর্ণ পরিস্থিতিতে ঢাকার বস্তি এলাকার মাত্র ৬৩ শতাংশ মানুষ এক ঘণ্টার মধ্যে অধিকাংশ জরুরি স্বাস্থ্যসেবার আওতায় পৌঁছাতে পারেন। দগ্ধ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৩২ শতাংশ। অর্থাৎ হাসপাতাল থাকা সত্ত্বেও অনেক মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা বাস্তবে সহজলভ্য নয়। এই পরিসংখ্যানগুলো আমাদের মনে করিয়ে দেয়, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দূরত্ব সবসময় কিলোমিটারে মাপা যায় না; অনেক সময় তা মাপতে হয় যাতায়াতের সময়, যানজট ও পৌঁছানোর সক্ষমতা দিয়ে।
হাসপাতাল ও উন্নত চিকিৎসাব্যবস্থা থাকলেই কি চিকিৎসা সেবা মানুষের নাগালের মধ্যে আসে?
জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো যেমন গুরুত্বপূর্ণ, সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারাও সমান গুরুত্বপূর্ণ। বাস্তবে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রাপ্তির প্রধান বাধা ভৌগোলিক নয়, বরং অর্থনৈতিক সক্ষমতা।
অর্থাৎ আলোচনার দ্বিতীয় প্রশ্নটি হলো, ঢাকার বুকে এত হাসপাতাল থাকা সত্ত্বেও আমরা কি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারছি?
ঢাকার বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি ও বিশেষায়িত হাসপাতালের উপস্থিতি থাকলেও সেসব প্রতিষ্ঠানের সব সেবা সবাই নিতে পারেন না। একজন রোগী হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারলেও চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ কিংবা হাসপাতালে ভর্তির ব্যয় তার আর্থিক নাগালের বাইরে চলে যায় অনেক সময়ই। ফলে স্বাস্থ্যসেবা অবকাঠামোর উপস্থিতি এবং বাস্তবে সবার সেই সেবা গ্রহণ করতে পারার সক্ষমতার মাঝে অনেকটা ফারাক থেকে যায়।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার ক্যাপাবিলিটি এপ্রোচে এই বিষয়ের গুরুত্বটা তুলে ধরেছেন। তার মতে, কোনো সেবা বিদ্যমান থাকলেই মানুষের কল্যাণ নিশ্চিত হয় না; বরং মানুষ সেই সেবা ব্যবহারের বাস্তব সুযোগ ও সক্ষমতা রাখে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
সুতরাং, নগরের স্বাস্থ্যসেবা মূল্যায়নের ক্ষেত্রে শুধু হাসপাতালের সংখ্যা ও সেবার মানের প্রশ্ন যথেষ্ট নয়। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রয়োজনের সময়ে নগরের সব নাগরিক কি সেই সেবা গ্রহণ করার বাস্তব সক্ষমতা রাখে?
নগরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা সুবিধা কতটা ন্যায্যভাবে বণ্টিত?
তৃতীয় প্রশ্নটি ন্যায়বিচারের, সুষ্ঠু বণ্টনের। নগর পরিকল্পনায় এটাকে বলা হয় স্পাশ্যাল জাস্টিস বা স্থানিক ন্যায়বিচার। মূল কথাটা হলো, শহরের প্রয়োজনীয় সেবা ও সুবিধাগুলো এমনভাবে বণ্টিত হওয়া উচিত, যাতে কোনো জনগোষ্ঠীই ভৌগোলিক অবস্থানগত কারণে সেগুলো থেকে বঞ্চিত না হয়।
অর্থাৎ, স্বাস্থ্যসেবা ও সুবিধার ভৌগোলিক অবস্থান, ধারণক্ষমতা ও সেবার ধরন এমন হওয়া উচিত, যা সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সহজ কথায়, হাসপাতাল কোথায় অবস্থিত, কী ধরনের সেবা দিচ্ছে, কত মানুষের জন্য কাজ করছে এবং কোন জনগোষ্ঠীকে সেবা দিচ্ছে, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।
দার্শনিক জন রলসের ন্যায়বিচার তত্ত্বও এখানে প্রাসঙ্গিক। তার মতে, সামাজিক প্রতিষ্ঠান ও সম্পদের বণ্টন এমন হওয়া উচিত, যাতে অপেক্ষাকৃত বঞ্চিত জনগোষ্ঠী অন্যায্যভাবে পিছিয়ে না পড়ে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এর অর্থ সব এলাকায় সমসংখ্যক হাসপাতাল স্থাপন করা নয়, বরং জনগোষ্ঠীর আকার ও অবস্থান অনুযায়ী স্বাস্থ্যসেবা ও তার অবস্থান নির্ধারণ করা।
ঢাকার ক্ষেত্রে এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের একটি গবেষণায় ঢাকার ছয়টি অনানুষ্ঠানিক বস্তিতে ১ হাজার ৪১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র চিহ্নিত করা হয়েছিল। সংখ্যাটি কম নয়। তবে এসব প্রতিষ্ঠানের ৮০ শতাংশেরও বেশি ছিল বেসরকারি উদ্যোগে পরিচালিত। অন্যদিকে, সাশ্রয়ী মূল্যের টারশিয়ারি লেভেলের বা তৃতীয় স্তরের সরকারি হাসপাতালগুলোর বেশিরভাগই সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে অন্তত তিন কিলোমিটার দূরে ছিল।
তাহলে এই তথ্যগুলো আমাদের যে মৌলিক বাস্তবতার মুখোমুখি করে দেয় তা হলো, কোনো এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলেই সেই নগরে স্বাস্থ্যসেবা ন্যায়সঙ্গতভাবে সবার কাছে পৌঁছায়, তা বলা যায় না। বরং স্বাস্থ্যসেবা পরিকল্পনায় জনসংখ্যার ঘনত্ব, জনস্বাস্থ্যগত বৈশিষ্ট্য এবং স্থানীয় চাহিদাকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
অন্য আঙ্গিকে যদি বলি, বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যখন শহরের গুটিকয়েক নির্দিষ্ট এলাকায় প্রয়োজনের অতিরিক্ত গড়ে ওঠে, তখন সেই এলাকাগুলো পুরো শহর আর তার চারপাশের অঞ্চলগুলোর জন্য হেলথকেয়ার হাব বা কেন্দ্রে পরিণত হয়, যা মূলত একটি মৌলিক সুবিধার অসম বণ্টন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী, স্বজন, স্বাস্থ্যকর্মী ও সেবাগ্রহীতার অনেক বেশি যাতায়াত ওই এলাকামুখী হতে থাকে। চিকিৎসাসেবার এই কেন্দ্রে জনসাধারণের এমন অনবরত আগমন ও বহির্গমন সংশ্লিষ্ট এলাকার ধারণক্ষমতা ছাড়িয়ে যায় এবং সার্বিক পরিবহণ ও ট্র্যাফিক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
ঢাকার ধানমন্ডি ও তার আশেপাশের এলাকা এ ক্ষেত্রে একটি পরিচিত উদাহরণ। বহু হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান একই এলাকায় গড়ে ওঠায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবার জন্য সেখানে যাতায়াত করেন। এর ফলে স্থানীয় সড়ক নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা শুধু ধানমন্ডিবাসীর জন্য নয়, চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জন্য এবং শহরের অন্যান্য নাগরিকের জন্যও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই ব্যাপারটা এখন আর শুধু সেবাবঞ্চিত এলাকার মানুষের জন্যই গুরুত্বপূর্ণ থাকছে না, বরং পুরো নগরের কার্যকারিতার সঙ্গেও সম্পর্কিত হয়ে পড়েছে। এমনটা না হয়ে যদি স্বাস্থ্যসেবা সুবিধাগুলো জনসংখ্যার চাহিদা অনুযায়ী নগরের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বণ্টিত হতো, তাহলে অপ্রয়োজনীয় যাতায়াত কমতে পারত, চিকিৎসাসেবার ওপর চাপ আরও ভারসাম্যপূর্ণ ভাবে ভাগ হতে পারত এবং সামগ্রিকভাবে নগরের পরিবহন ব্যবস্থাও সঠিকভাবে গড়ে উঠতে পারত। এখানেই স্বাস্থ্যসেবা পরিকল্পনা ও নগর পরিকল্পনার আন্তঃসম্পর্কটি স্পষ্টভাবে উঠে আসে।
স্বাস্থ্যসেবা ও নগর পরিকল্পনাকে একসঙ্গে ভাবতে হবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএন-হ্যাবিট্যাট বহুদিন ধরেই স্বাস্থ্যকে নগর পরিকল্পনার একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচনার কথা বলে আসছে।
তাদের মতে, স্বাস্থ্যব্যবস্থাকে পরিবহন, ভূমি ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও নগর পরিচালনার সঙ্গে সমন্বিত করতে হবে। ঢাকার ক্ষেত্রে স্বাস্থ্যসেবাকে পরিবহণব্যবস্থা, জনসংখ্যার ঘনত্ব এবং আবাসিক এলাকার বিকাশের সঙ্গে যুক্ত করা উচিত। কোথায় নতুন হাসপাতাল প্রয়োজন, কোথায় বিদ্যমান সেবার সম্প্রসারণ প্রয়োজন এবং কোন এলাকাগুলো এখনো সেবাবঞ্চিত, সে বিষয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে।
এই আলোচনা গাজীপুর, নারায়ণগঞ্জসহ দ্রুত সম্প্রসারণশীল আশপাশের নগরগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ, নগরায়ণের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবার অসমতা তৈরি হলে পরবর্তীতে তা সংশোধন করা কঠিন হয়ে পড়বে—যা আমরা ঢাকার ক্ষেত্রে এখন টের পাচ্ছি।
আবার এই আলোচনা শুধু ঢাকা ও তার আশপাশের শহরগুলোর জন্যই শুধু নয়, বরং পুরোদেশে অর্থাৎ জাতীয় স্বাস্থ্যসেবার আঞ্চলিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলে। বাংলাদেশে টারশিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবার বণ্টন এই আলোচনার আরেকটি বৃহত্তর একটি অংশ।
২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, দেশের ৩৫টি টারশিয়ারি লেভেলের হাসপাতালের মধ্যে ১৬টিই ঢাকা জেলায় অবস্থিত, যা দেশের মোট টারশিয়ারি লেভেলের শয্যার প্রায় ৪১ শতাংশ ধারণ করে। এর মানে হচ্ছে, সমস্যাটা শুধু ঢাকাকেন্দ্রিক নয়, জাতীয় স্কেলেই সামগ্রিকভাবে সমস্যাটি বিদ্যমান।
একটি শহরের স্বাস্থ্যব্যবস্থা মূল্যায়নে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শহরে কতগুলো হাসপাতাল রয়েছে। সেইসঙ্গে সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একজন নাগরিক প্রয়োজনের মুহূর্তেই সঠিক চিকিৎসা কি তার সামর্থ্যের মধ্যে পাচ্ছেন? যদি কোনো স্বাস্থ্যব্যবস্থা সর্বসাধারণের কাছে পৌঁছানোর মতো না হয়, তবে সেই স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর সক্ষমতা যত উন্নতই হোক, তার পূর্ণ সুবিধা সমাজ পায় না। তাই ঢাকার স্বাস্থ্যসেবার জন্য মূল প্রশ্নটি আর কেবল স্বাস্থ্যসুবিধাকেন্দ্রিকই নয়; বরং এটি এখন নগর পরিকল্পনারও প্রশ্ন। একটি সত্যিকারের সুস্থ নগর গড়ে তুলতে হলে হাসপাতাল নির্মাণের পাশাপাশি এমন একটি শহর নির্মাণ করতে হবে, যেখানে মানুষের স্বাস্থ্য চাহিদা থাকবে পরিকল্পনার একদম কেন্দ্রবিন্দুতে।
একেএম ইকবাল বাহার: সহকারী অধ্যাপক, কেপিজে নার্সিং কলেজ, গাজীপুর
ইমেইল: [email protected]
রায়হানুল জান্নাত: আরবান প্ল্যানার।
ইমেইল: [email protected]
