26 C
Dhaka

তেলেগু ও কুর্গি, দুটি ভিন্ন রীতিতে হবে বিজয়-রাশমিকার বিয়ে

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা তাদের নিজ নিজ সংস্কৃতিকে মেনে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি দুটি ভিন্ন রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

আজ বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই দুই তারকার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেনটসে ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাশমিকা ও বিজয় তাদের সংস্কৃতিকে সম্মান জানিয়ে দুটি ঐতিহ্যবাহী রীতিতে বিয়ের আয়োজন করছেন। একটি তেলুগু রীতিতে এবং অন্যটি কুর্গি (কোর্গ) রীতিতে।

খবরে বলা হয়েছে, ডিয়ার কমরেড সিনেমার এই জুটি তাদের সংগীত অনুষ্ঠানে নাচে-গানে দারুণ সময় কাটিয়েছেন। অনুষ্ঠানে বিনোদনের কোনো কমতি না রাখতে বিভিন্ন শিল্পীকেও আনা হয়েছিল।

আজ সকালে রাজস্থানের মনোরম লোকেশনে একদল পুরোহিতকে (পণ্ডিত) আসতে দেখা গেছে, যেন বিয়ের সব আচার-অনুষ্ঠান যথাযথভাবে ও দুই পরিবারের রীতি অনুযায়ী সম্পন্ন হয়।

এক প্রতিবেদনে জানা গেছে, সংগীত অনুষ্ঠানে বিজয়ের মা তার পুত্রবধূকে পারিবারিক ঐতিহ্যবাহী চুড়ি উপহার দেন। আজ তাদের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান হওয়ার কথা আছে।

Related Articles

Latest Articles