28 C
Dhaka

মধ্যপ্রাচ্যের যেসব স্থানে ইরানের পাল্টা হামলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। 

আজ বৃহস্পতিবার সর্বশেষ ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি দেশ এবং প্রথমবারের মতো আজারবাইজানে হামলা চালানোর খবর পাওয়া গেছে। একইসঙ্গে বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবরও মিলেছে। 

সংবাদ মাধ্যম আল জাজিরা, সিএনএন ও বার্তাসংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।  

সংযুক্ত আরব আমিরাত

এএফপি জানায়, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি শিল্প অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

আমিরাতের মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় পাকিস্তান ও নেপালের ছয়জন নাগরিক আহত হয়েছেন।

এছাড়া দুবাইয়েও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

কুয়েত

কুয়েতে অন্তত দুটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

এএফপি ও আল জাজিরা জানায়, কুয়েতের উত্তর-পশ্চিমে ক্যাম্প বুহরিং ও দক্ষিণে ক্যাম্প আরিফজানে এ হামলা চালানো হয়।

বাহরাইন

বাহরাইন সরকারের বরাতে এএফপি জানিয়েছে, একটি জ্বালানি তেলের স্থাপনায় হামলা হয়েছে। 

ইরাক

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরাকের এরবিল শহরে একটি মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা।

ইসরায়েল

ইসরায়েলেও নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

সিএনএন জানায়, তেল আবিবের পূর্বে বারেকেত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়েছে তারা।
এছাড়া ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

আল জাজিরা জানায়, মধ্য ইসরায়েলে ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

কাতার

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে ইরানের ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ভূপাতিত করেছে তারা।
সিএনএন জানায়, রাজধানী দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিস্ফোরণে শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে।

সৌদি আরব

সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, তারা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করেছেন।

আজারবাইজান

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ না হলেও ইরানের সীমান্ত ঘেঁষা দেশ আজারবাইজানে প্রথমবারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। হামলায় একটি বিমানবন্দরের টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজারবাইজানের কর্তৃপক্ষ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইরানের সামরিক বাহিনী ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে। 

Related Articles

Latest Articles