27 C
Dhaka

ভূমি অফিসে সেবা ফি সাইনবোর্ডে টানানোর নির্দেশ

দেশের সব ভূমি অফিসে নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের সরকার নির্ধারিত ফি দৃশ্যমানভাবে সাইনবোর্ডে টানানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় থেকে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব উপজেলা, সার্কেল ভূমি অফিস, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এ সাইনবোর্ড টানাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ৪ ফুট × ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শন করতে হবে। নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবা নিতে এসে মানুষের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নামজারি ফি

নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি এক হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। এ হিসাবে সর্বমোট ফি ১ হাজার ১৭০ টাকা।

খতিয়ানের ফি

খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। ডাকযোগে সংগ্রহ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।

মৌজা ম্যাপের ফি

মৌজা ম্যাপের প্রতি সিটের জন্য নির্ধারিত ফি ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল পরিশোধ করতে হবে।

Related Articles

Latest Articles