30 C
Dhaka

জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা বাতিল

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রামপুলিশের শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষায় উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের জন্য ৫টি শূন্য পদে মোট ৩৮ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। এর আগে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া ও দেবনগর ইউনিয়ন পরিষদের জন্য ১ জন করে এবং শালবাহান ইউনিয়ন পরিষদের জন্য ২ জনসহ মোট ৫ জন গ্রামপুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় অষ্টম শ্রেণি পাশ। 

গতকাল অনুষ্ঠিত পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় সবাইকে অকৃতকার্য দেখিয়ে নিয়োগ ও বাছাই কমিটি নিয়োগ পরীক্ষা বাতিল করে।

ইউএনও ডেইলি স্টারকে বলেন, ‘আমরা স্বচ্ছভাবে প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে চেয়েছি। কিন্তু, অষ্টম শ্রেণি পাশ কেউ জাতীয় সংগীত লিখতে পারবে না এটা দুঃখজনক। পরীক্ষায় অংশ নেওয়া একজন প্রার্থীও জাতীয় সংগীত লিখতে পারেননি। এজন্য পরীক্ষা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।’

Related Articles

Latest Articles